গেম নির্মাতাদের জন্য আসছে নতুন সুবিধা
অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স গেম নির্মাতাদের জন্য একাধিক নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে। এর ফলে নির্মাতারা রোবলক্সের মূল অ্যাপের মধ্যে সীমাবদ্ধ না থেকে মুঠোফোন, কম্পিউটার ও বিভিন্ন গেম কনসোলের জন্য আলাদা অ্যাপ হিসেবেও নিজেদের তৈরি গেম প্রকাশ করতে পারবেন। শুক্রবার অনুষ্ঠিত নির্মাতাদের সম্মেলনে নতুন এসব সুবিধার পরিকল্পনা জানিয়েছে রোবলক্স।
প্রতিষ্ঠানটি বলেছে, গেমগুলো আলাদা অ্যাপ হিসেবে চালানোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সেবা রোবলক্সই সরবরাহ করবে। এতে নির্মাতাদের তৈরি গেম আরও সহজে বিভিন্ন ডিভাইসের ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন: এআইয়ের অনিয়ন্ত্রিত অগ্রযাত্রা নিয়ে শঙ্কা, তদারকিতে তৃতীয় পক্ষের উদ্যোগ
ক্রোম থেকেই খেলা যাবে রোবলক্সের গেম
এ বছরের শেষ নাগাদ গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেই রোবলক্সের গেম খেলার সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের আলাদা করে রোবলক্সের অ্যাপ ডাউনলোড করতে হবে না। গেমের তথ্যসংক্রান্ত পেজ থেকেই সরাসরি গেম চালু করা যাবে। পরবর্তী সময়ে অন্যান্য ওয়েব ব্রাউজারেও এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: আইফোন ১৮ প্রো বনাম আইফোন ১৫ প্রো তিন বছরে কতটা বদলাবে?
একই গেমে অনলাইন-অফলাইন খেলার সুযোগ
নতুন সুবিধার আওতায় একই গেমে অনলাইন ও অফলাইন—দুই ধরনের খেলার ব্যবস্থাও যুক্ত করা হচ্ছে। ফলে কোনো গেমের একক খেলোয়াড়ের (সিঙ্গেল প্লেয়ার) অভিযান ইন্টারনেট সংযোগ ছাড়াও চালানো সম্ভব হবে।
গেম তৈরিতে বাড়ছে এআইয়ের ব্যবহার
গেম তৈরির প্রক্রিয়াকে সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ওপরও গুরুত্ব দিচ্ছে রোবলক্স। এ ক্ষেত্রে ‘বিল্ড’, ‘সিন জেনারেটর’ এবং এআইভিত্তিক চরিত্র তৈরির মতো নতুন সুবিধা যুক্ত করা হচ্ছে। গত জুলাইয়ে ‘বিল্ড’ সুবিধা চালু করে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে শুধু লিখিত নির্দেশনা দিয়েই খেলার উপযোগী গেম তৈরি, পরীক্ষা ও প্রকাশ করা যায়।
রোবলক্সের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ‘বিল্ড’ ব্যবহার করে প্রায় ৯ হাজার গেম প্রকাশ করা হয়েছে। এসব গেমের নির্মাতাদের ৭১ শতাংশ এর আগে রোবলক্স স্টুডিও ব্যবহার করেননি।
ছবি ও নির্দেশনা থেকে তৈরি হবে গেমের পরিবেশ
এ বছরের শেষ দিকে ‘সিন জেনারেটর’ চালুর পরিকল্পনা রয়েছে। এই সুবিধায় লিখিত নির্দেশনা ও একটি নমুনা ছবি ব্যবহার করে গেমের জন্য প্রয়োজনীয় পরিবেশ বা বিন্যাস তৈরি করা যাবে। এ ছাড়া গেম পরীক্ষা করার সময় এআই দিয়ে তৈরি চরিত্র যুক্ত করার পরিকল্পনাও রয়েছে রোবলক্সের। ফলে গেম নির্মাতারা বাস্তব খেলোয়াড় ছাড়াই গেমের বিভিন্ন অংশ পরীক্ষা করার সুযোগ পাবেন।





