জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মাতিয়া বানু শুকু আর নেই

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:৪৪ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬
মাতিয়া বানু শুকু। ছবিঃ সংগৃহীত
মাতিয়া বানু শুকু। ছবিঃ সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত লেখক, প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু আর নেই। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকর্মী এরশাদুল হক। তিনি জানান, ক্যানসারে আক্রান্ত মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত এপ্রিলে মাতিয়া বানু শুকুর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। জানা যায়, আগের বছর তার ক্যানসার শনাক্ত হয়। এরপর চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলে। নাট্যকার শুকুকে কেমোথেরাপিও দেওয়া হয়। চলতি বছর আবারও তাকে চেন্নাই নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: শুক্রবার ঢাকায় থাকছে সংগীত, নাটক ও শিল্পকলার ১১ আয়োজন

ভাষাসৈনিক আবদুল মতিনের মেয়ে মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে দেশের শোবিজ অঙ্গনে কাজ করেছেন। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার প্রযোজক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

উল্লেখ্য যে, ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি। চলচ্চিত্র প্রযোজক হিসেবেও সাফল্য পেয়েছেন মাতিয়া বানু শুকু। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

আরও পড়ুন: বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা চৌধুরী