ট্রাম্পের নতুন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় মার্কিন শেয়ারবাজারে ধস

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:১৭ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চীন, ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এসব দেশের অতিরিক্ত উৎপাদন বিশ্ববাজারে অন্যায্য সুবিধা তৈরি করছে—এমন অভিযোগ তুলে বুধবার নতুন শুল্কের ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে, পাশাপাশি দরপতন হয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের ব্যাপকভিত্তিক বৈশ্বিক শুল্ক বাতিল করে দেওয়ার পর নতুন এই উদ্যোগ নেওয়া হলো। এর আগে ১২টি দেশ, ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়ন এবং স্বশাসিত দ্বীপ তাইওয়ানের বাণিজ্যনীতি নিয়ে কয়েক মাস ধরে তদন্ত চালায় মার্কিন প্রশাসন।

আরও পড়ুন: মিসরে জ্বালানিবাহী যানবাহনে ভয়াবহ আগুন, নিহত ৩০

প্রস্তাবিত শুল্কের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে চীনের ওপর। দেশটির পণ্যে নতুন করে ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে চীনা পণ্যের ওপর প্রায় ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। তবে দ্বিপক্ষীয় ‘বোর্ড অব ট্রেড’ ব্যবস্থার আওতায় শুল্ক কমানোর বিষয়টি বিবেচনাধীন থাকা চীনের প্রায় ৩০ বিলিয়ন ডলারের আমদানিপণ্যে প্রস্তাবিত নতুন শুল্ক কার্যকর হবে না।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন বিভিন্ন শিল্প খাতে ভর্তুকি দিয়ে ইস্পাত, বৈদ্যুতিক গাড়ি ও সৌরপণ্যের মতো পণ্য কম দামে বিশ্ববাজারে সরবরাহ করছে। তবে এসব অভিযোগ আবারও প্রত্যাখ্যান করেছে বেইজিং।

আরও পড়ুন: ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, অতিরিক্ত উৎপাদনের অভিযোগ একটি ভিত্তিহীন বিষয়। রাজনৈতিক উদ্দেশ্যে এটিকে অজুহাত হিসেবে ব্যবহারের বিরোধিতা করে চীন। একই সঙ্গে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি।

নতুন শুল্কের প্রস্তাবের আওতায় থাকা অন্য দেশগুলো হলো ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। তদন্তের আওতায় থাকলেও মেক্সিকো ও নরওয়ের বিষয়ে তদন্ত চলমান থাকায় আপাতত তাদের নতুন শুল্কের তালিকায় রাখা হয়নি।

সেকশন ৩০১ প্রয়োগ নিয়ে বিতর্ক

১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের সেকশন ৩০১-এর আওতায় আট মাসের তদন্তের পর এ ঘোষণা এসেছে। এই ধারায় অন্যায্য বা বৈষম্যমূলক বাণিজ্যচর্চার অভিযোগ প্রমাণিত হলে কোনো দেশের পণ্যে শুল্কসহ বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের সুযোগ রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

জর্জটাউন ইউনিভার্সিটি ল সেন্টারের আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক গ্রেগরি শ্যাফার আলজাজিরাকে বলেন, ট্রাম্প প্রশাসন সেকশন ৩০১-এর ব্যবহার করছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। তাঁর মতে, প্রেসিডেন্টের ইচ্ছামতো শুল্ক নির্ধারণ ও পরিবর্তনের সুযোগ তৈরি এবং সংবিধান অনুযায়ী শুল্ক নির্ধারণে কংগ্রেসের ক্ষমতা সীমিত করতেই এসব তদন্ত শুরু করা হয়েছে।

এদিকে আলাদা ঘোষণায় ব্রাজিলের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এমব্রায়ের তৈরি সম্পূর্ণ উড়োজাহাজের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এক্সপ্রেস, ডেলটা কানেকশন ও আমেরিকান ঈগলের মতো আঞ্চলিক বিমান পরিবহন সংস্থাগুলো এসব উড়োজাহাজ ব্যবহার করে। এ ছাড়া নির্ধারিত কোটার অতিরিক্ত আমদানি করা ব্রাজিলের চিনির ওপর শুল্ক বাড়ানোর পরিকল্পনাও রয়েছে যুক্তরাষ্ট্রের।

বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

নতুন শুল্কের ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলোফ গিল বলেন, যুক্তরাষ্ট্রের সেকশন ৩০১ তদন্তের প্রাথমিক ফলাফল তারা পর্যালোচনা করবেন। তবে ইউরোপকে অতিরিক্ত উৎপাদনের উৎস হিসেবে দেখানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইইউ।

সুইজারল্যান্ড সরকারও তদন্তের মাধ্যমে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইদে বলেছেন, অতিরিক্ত উৎপাদনে ভূমিকা রাখে—এমন কোনো নীতি নরওয়ের নেই। দেশটির কোম্পানিগুলো বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করে।

সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটির জ্যেষ্ঠ ফেলো র‍্যাচেল জিয়েমবা বলেন, ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের আগে শুল্কের এ ঘোষণা আলোচনার সুযোগ তৈরি করেছে। তবে এর ফলে ২০২৭ সালে মূল্যস্ফীতির চাপ ও অর্থনৈতিক অস্থিরতার ঝুঁকি বাড়তে পারে।

শুল্ক ঘোষণার পর শেয়ারবাজারে পতন

নতুন শুল্কের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ে। প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক দিনের শুরুতে ৪ শতাংশের বেশি কমে গেলেও শেষ পর্যন্ত ০ দশমিক ৬ শতাংশ পতনে লেনদেন শেষ করে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ০ দশমিক ২৫ শতাংশ। তবে আগের ক্ষতি কাটিয়ে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক ০ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

এদিকে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি কমে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তবে শুল্ক ঘোষণার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্যও স্বর্ণের দামে প্রভাব ফেলেছে। বুধবার প্রকাশিত তথ্যে মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে ফেডারেল রিজার্ভের ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটি সূচকে ০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধির তথ্য উঠে আসে। মূল্যস্ফীতি বাড়লে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়, যা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করে।

বুধবার যুক্তরাষ্ট্র ও ইউরোপ—উভয় অঞ্চলে সরকারি বন্ডের সুদহার কমেছে। ইউরোজোনের বেঞ্চমার্ক হিসেবে বিবেচিত জার্মানির ১০ বছর মেয়াদি বন্ডের সুদহার ৪ দশমিক ৫ বেসিস পয়েন্ট কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ৬ দশমিক ৮ বেসিস পয়েন্ট কমে ৪ দশমিক ৮৩৪ শতাংশ হয়েছে।

সূত্র: আলজাজিরা