বাবার হাতে মার, অতঃপর বাড়ি ছেড়ে পালানো—রবি কিষাণের জীবনে কী ঘটেছিল?
অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছিলেন ছোটবেলা থেকেই। কিন্তু তাঁর সেই স্বপ্ন মেনে নিতে পারেননি বাবা। অভিনয়ের প্রতি আগ্রহ এবং রামলীলায় নারীর চরিত্রে অভিনয় করার কারণে বাবার হাতে চামড়ার বেল্ট দিয়ে মার খেতে হয়েছিল বলিউড ও ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি কিষাণকে। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের শৈশবের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।
অনুষ্ঠানে রবি কিষাণ জানান, তাঁর বাবা চাইতেন ছেলে পারিবারিক ব্যবসায় যুক্ত হোক অথবা সরকারি চাকরি করুক। তাঁর বাবা পেশায় পুরোহিত ছিলেন। পাশাপাশি দুধের ব্যবসাও করতেন। তবে বাবার ইচ্ছার বিপরীতে ছোটবেলা থেকেই থিয়েটারের প্রতি আগ্রহ ছিল রবির। সেই আগ্রহ থেকেই একবার রামলীলায় শাড়ি পরে সীতার চরিত্রে অভিনয় করেন তিনি।
আরও পড়ুন: বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যানসি
বিষয়টি জানার পর ভীষণ ক্ষুব্ধ হন তাঁর বাবা। এ প্রসঙ্গে রবি কিষাণ বলেন, ‘আমি অপেশাদার থিয়েটার করতাম। একবার রামলীলায় শাড়ি পরে অভিনয় করেছিলাম। সেই অভিনয় দেখার পর বাবা আমাকে চামড়ার বেল্ট দিয়ে খুব মারেন। তিনি আমাকে বলেছিলেন, “তুই কি নাচনিয়া হতে চাস?'
অভিনয়কে তখন সম্মানজনক পেশা হিসেবে দেখতেন না অনেকেই। বিশেষ করে নব্বইয়ের দশকে চলচ্চিত্রে কাজ করাকে ভালো চোখে দেখত না সমাজের একটি অংশ। রবি কিষাণের বাবাও ছেলের অভিনয় করার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। এমনকি সেদিন বাবার রাগ এতটাই চরমে পৌঁছেছিল যে, মায়ের হস্তক্ষেপ না থাকলে বড় ধরনের বিপদ ঘটতে পারত বলে জানান অভিনেতা।
আরও পড়ুন: দীঘির সঙ্গে প্রথমবারের মত মোশাররফ করিম ও শিমু
রবি কিষাণ বলেন, বাবার রোষ থেকে বাঁচতে তাঁর মা তাঁকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। পরিবারের সম্মানহানি হয়েছে—এমন ধারণা থেকেই বাবা তাঁর ওপর ক্ষুব্ধ হয়েছিলেন বলেও জানান তিনি।
তবে অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে সরে আসেননি রবি কিষাণ। বরং নানা প্রতিকূলতা পেরিয়ে নিজের স্বপ্নের পথে এগিয়ে গেছেন। শুরুর দিকে দীর্ঘ সময় সংগ্রাম করতে হয়েছে তাঁকে। ছোট ছোট চরিত্রে অভিনয় করেই ধীরে ধীরে জায়গা করে নেন বিনোদন অঙ্গনে।
এর আগেও নিজের অভিনয়জীবনের শুরুর দিকের সংগ্রামের কথা জানিয়েছিলেন এই অভিনেতা। চার বছর আগে একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, বেনারসের কাছের একটি গ্রামে বেড়ে উঠেছেন তিনি। তাঁর বাবা ছিলেন পুরোহিত। ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণের পথেই রামলীলায় সীতার চরিত্রে অভিনয় করেছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি দিল্লির রামলীলা অনুষ্ঠানে রামের চরিত্রেও অভিনয় করেছেন রবি কিষাণ। একসময় যে রামলীলায় সীতার চরিত্রে অভিনয়ের কারণে বাবার হাতে মার খেতে হয়েছিল, সেই রামলীলাতেই পরবর্তী সময়ে রামের চরিত্রে অভিনয় করা তাঁর জীবনের এক উল্লেখযোগ্য অধ্যায়।





