কপ—৩১-এ বাংলাদেশের প্রাপ্তি
১৯৯২ সালের রিও ধরিত্রী সম্মেলন থেকে উঠে আসা জলবায়ু, প্রাণবৈচিত্র্য ও মরুকরণ—এ তিনটি সনদের অঙ্গীকার বাস্তবায়নে আয়োজন করা হয় বৈশ্বিক জলবায়ু সম্মেলন। তুরস্কের আন্তালিয়ায় ৯ নভেম্বর’২৬ শুরু হয়েছে তিন অঙ্গীকারের অন্যতম বৈশ্বিক জলবায়ু সম্মেলন বা কপের ৩১তম আসর। চলছে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। উপকূল, চর, পাহাড়, বরেন্দ্র থেকে নদী অববাহিকা পর্যন্ত জলবায়ু সংকট আর তা সামাল দেওয়ার ধরন জানা-বোঝা এ সম্মেলনের প্রস্তুতির অংশ। প্রধানমন্ত্রী, মন্ত্রী, সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিনিধির একটা বিরাট দল এবার সম্মেলনে অংশগ্রহণ করেছেন। সম্মেলনের আয়োজন ও সভাপতির দায়িত্বে তুরস্ক থাকলেও আলোচনা ও দেনদরবারের নেতৃত্ব দিয়েছে অস্ট্রেলিয়া। ৯ নভেম্বর উদ্বোধনী অধিবেশনে কপ—৩০-এর সভাপতি ব্রাজিলের আন্দ্রে কোরেয়া দো লাগে সম্মেলনের সভাপতিত্ব তুলে দেন তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং কপ—৩১-এর সভাপতি মুরাত কুরুমের হাতে। উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বাওয়েন।
কপ—৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন দ্রুত ছাড় এবং ক্ষয়ক্ষতি তহবিল কার্যকরের জোরালো দাবি জানান। অন্যদিকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সম্পর্ক নতুন এক কৌশলগত উচ্চতায় পৌঁছানোর ব্যাপারে ঐকমত্য হয়। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, বৈঠকে সামরিক ও প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা বাড়ানো, প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর এবং বাংলাদেশে ‘প্রতিরক্ষা শিল্প পার্ক’ স্থাপনসহ যৌথ বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে। তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি, রিসাইক্লিং, খনিজ সম্পদ, সবুজ পণ্য এবং এভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়। এ ছাড়া দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বা অন্তর্বর্তী সমঝোতার সম্ভাব্যতা নিয়েও আলোচনা এগিয়েছে। সফরে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে বৈঠক করেছেন। সেখানে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারী নেতৃত্ব ও স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: উন্নয়নের পূর্বশর্ত: সার্বভৌমত্ব ও ক্ষমতার জবাবদিহি
সম্মেলনের ফাঁকে চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে জ্বালানি, ভারী শিল্প, কর্মসংস্থান ও অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশের জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলা এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাওয়া হয়। একইভাবে মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনে জাতিসংঘ, ওআইসি এবং আন্তর্জাতিক বিচার আদালতে তুরস্কের অব্যাহত রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন কামনা করেছে বাংলাদেশ। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত এ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান উজবেকিস্তান, পাকিস্তান, কুয়েত, সিরিয়া, সোমালিয়া, ব্রাজিল, ইরান, মালদ্বীপের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ চালু ও ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয় এবং তিনি প্রধানমন্ত্রীকে তাঁর দেশ সফরে আমন্ত্রণ জানান। ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্টও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। এ ছাড়া ওআইসি মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠনে ও দক্ষ জনশক্তি নিয়োগে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। লন্ডনের মেয়রের সঙ্গেও প্রধানমন্ত্রীর সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রভাবশালী দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছার অভাব, পারস্পরিক অনৈক্য এবং ডানপন্থী লবিংয়ের কারণে জনস্বার্থের চেয়ে সংকীর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ প্রাধান্য পেয়েছে। কার্বন নিঃসরণে সর্বনিম্ন অবদান রাখা দেশগুলো (যেমন: বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বা আফ্রিকার টোগোর কৃষি সংকট) আজ বেশি ভুক্তভোগী। অন্যদিকে অস্ট্রেলিয়া বা ইউরোপের দাবানল ও তাপপ্রবাহ প্রমাণ করে এ সংকট থেকে উন্নত বিশ্বও নিরাপদ নয়। জলবায়ু সম্মেলনের মূল বিষয়বস্তু ও বিশ্বনাগরিকের প্রত্যাশা ও মূল দাবি—প্যারিস চুক্তির বাস্তবায়ন, নিঃশর্ত জলবায়ু তহবিল ছাড় এবং এর স্বচ্ছতা ও সঠিক ব্যবহারের দাবি নিশ্চিত করার বিষয়টি ভুক্তভোগী দেশগুলো থেকে উঠে এসেছে। লোকদেখানো আলোচনা ও দীর্ঘসূত্রতা বাদ দিয়ে আদিবাসীদের লোকায়ত জ্ঞানের মূল্যায়ন এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা সীমাবদ্ধ রাখতে অবিলম্বে কঠোর ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার ব্যাপারটি জোরালোভাবে উঠে আসেনি। কিন্তু ঐতিহাসিকভাবে কার্বন নিঃসরণের জন্য মূল দায়ী উন্নত দেশগুলোর কাছ থেকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের জন্য পর্যাপ্ত ও অনুদানভিত্তিক তহবিল এবং ক্ষতিপূরণ আদায়ে সোচ্চার ছিল বাংলাদেশ প্যাভিলিয়ন।
আরও পড়ুন: আওয়ামী লীগের "তাড়াহুড়ো" ভালো ফল বয়ে আনবে কি?
বিশেষজ্ঞগণের বক্তব্য ছিল, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় সরকার ইতিবাচকভাবে তা বিবেচনা করবে। তবে এসব বৈঠকের প্রকৃত ফল ঘরে আনতে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ ও দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক মন্ত্রী বলেন, আন্তর্জাতিক দাবির পাশাপাশি দেশের ভেতর দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে সিসা দূষণ প্রতিরোধ এবং সংশ্লিষ্ট জাতীয় অ্যাকশন প্ল্যানগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা আবশ্যক হয়ে পড়েছে। বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের অধিকার আদায়ের পাশাপাশি উন্নত দেশগুলোকে তাদের ঐতিহাসিক ও নৈতিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন তিনি।
সম্মেলনে বাংলাদেশের প্যাভিলিয়নে পরিবেশবান্ধব পাটজাত পণ্য এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। এ ছাড়া বাংলাদেশ কপ সম্মেলন আয়োজনের একটি প্রস্তাব দিয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সাইডলাইন বৈঠকগুলোতে ‘জিরো ওয়েস্ট ব্যবস্থাপনা’ বিশেষ গুরুত্ব পেয়েছে। পরিত্যক্ত বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরে বাংলাদেশ সরকারের নীতিগত উদ্যোগ বিশ্বনেতাদের আকৃষ্ট করেছে। দক্ষিণ এশিয়ায় তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জামের বাজার সম্প্রসারণের আগ্রহ এবং বাংলাদেশের সামরিক আধুনিকায়নের চাহিদা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আর জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ আজ সম্মুখসারিতে। আগামী কপ সম্মেলন আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সুযোগ, যেখানে শুধু ক্ষতিপূরণ বা প্রতিশ্রুতির কথা নয়, বরং সুনির্দিষ্ট ও দ্রুত বাস্তবায়নযোগ্য অর্থায়নের দাবি জোরালোভাবে করা যাবে। কিছু না পাওয়ার চেয়ে লস অ্যান্ড ড্যামেজ তহবিল থেকে প্রথমবারের মতো ৬০ মিলিয়ন ডলার প্রাপ্তি একেবারেই ছোট করে দেখার কিছু নেই।
বাংলাদেশের জন্য জলবায়ু বিতর্ক শুধু কূটনৈতিক বা রাজনৈতিক বিষয় নয়। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার মতো অভিঘাত দেশে লাখো মানুষের জীবন-জীবিকাকে ঝুঁকিতে ফেলেছে। উপকূলের কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষের কাছে জলবায়ু পরিবর্তন কোনো ভবিষ্যৎ আশঙ্কা নয়, এটা প্রতিদিনের বাস্তবতা। অথচ এ সংকট মোকাবিলায় যে পরিমাণ অর্থ প্রয়োজন, আন্তর্জাতিক অঙ্গনে এর প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে অনেক ব্যবধান দৃশ্যমান। কপ—৩১-এ বাংলাদেশের উপস্থাপনা আরও সুসংগঠিত হওয়ার প্রয়োজন ছিল। দেশে সংস্কৃতি, প্রকৃতি, ইতিহাস, জলবায়ু সংকট ও মানুষের অভিজ্ঞতা একসঙ্গে তুলে ধরা উচিত ছিল। গোটা বিশ্বে পরিবেশ ও জলবায়ু নিয়ে মানুষের সচেতনতা ও আন্দোলন বাড়ছে। প্যারিস, সুইজারল্যান্ড, বার্সেলোনা, জার্মানির মতো স্থানেও জলবায়ু সংকট নিয়ে মানুষ রাস্তায় নামছে। বাংলাদেশের তরুণরাও পরিবেশ ও জলবায়ু নিয়ে এখন অনেক সচেতন। কপ সম্মেলনে শুধু সরকার বা সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণই যথেষ্ট নয়, তরুণ পরিবেশকর্মীদেরও অংশগ্রহণ প্রয়োজন।
লেখক: অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ
সাবেক অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ





