বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা চৌধুরী

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:১৫ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬
চয়নিকা চৌধুরী। ছবিঃ সংগৃহীত
চয়নিকা চৌধুরী। ছবিঃ সংগৃহীত

নাটক ও চলচ্চিত্র নির্মাণে দীর্ঘ আড়াই দশকের পথচলার স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন নির্মাতা ও নাট্যকার চয়নিকা চৌধুরী। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসর। এ আয়োজনেই তাঁর হাতে তুলে দেওয়া হবে বিশেষ এই সম্মাননা।

নির্মাতা হিসেবে গত ২৫ বছর ধরে দেশের নাট্যাঙ্গনে সক্রিয় রয়েছেন চয়নিকা চৌধুরী। দীর্ঘ এই সময়ে তাঁর নির্মাণে এসেছে ৪৭৫টি একক নাটক, ১৮টি ধারাবাহিক নাটক ও দুটি চলচ্চিত্র। বিনোদন অঙ্গনে তাঁর দীর্ঘদিনের অবদান এবং সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবেই তাঁকে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।

আরও পড়ুন: বাবার হাতে মার, অতঃপর বাড়ি ছেড়ে পালানো—রবি কিষাণের জীবনে কী ঘটেছিল?

দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি প্রতিবছর এই পুরস্কারের আয়োজন করে থাকে। এবারের অনুষ্ঠান রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেমে’ অনুষ্ঠিত হবে।

বিশেষ সম্মাননা পাওয়া নিয়ে নিজের অনুভূতি জানিয়ে চয়নিকা চৌধুরী বলেন, দীর্ঘ পথচলায় নানা প্রতিকূলতা ও বাধার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তবে কোনো প্রতিবন্ধকতাই তাঁকে লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি। সব পরিস্থিতিতে কাজকেই গুরুত্ব দিয়েছেন তিনি। এভাবেই পেরিয়ে এসেছেন নির্মাণজীবনের ২৫টি বছর।

আরও পড়ুন: বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যানসি

দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে সিজেএফবির এই সম্মাননা পেয়ে আনন্দিত ও গর্বিত বলে জানিয়েছেন এই নির্মাতা।