মাদক সেবন নয়, চুরির উদ্দেশ্যে ছাদে অপেক্ষা, দেখে ফেলায় হত্যা করা হয় ৪ জনকে
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার পেছনে চুরির পরিকল্পনা ছিল বলে জানিয়েছে পুলিশ। বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে যান দুই অভিযুক্ত। ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় প্রথমে তাকে হত্যা করা হয়। পরে একে একে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করেন তারা।
তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে হত্যাকাণ্ডের এমন বিবরণ উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ। তবে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী পুলিশের এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে ঘটনার পেছনে আরও কেউ জড়িত থাকার দাবি করেছেন।
আরও পড়ুন: বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান ডা. বাচ্চু এমপির
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
আলোচিত এ হত্যাকাণ্ডের পর অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
আরও পড়ুন: বগুড়ায় হত্যা ও মাদক মামলার পলাতক দুই আসামি গ্রেফতার
পুলিশ কমিশনার জানান, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। তদন্তে সংগৃহীত সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যও তাদের জবানবন্দির সঙ্গে মিলেছে।
সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। তার দাবি, চুরির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
তিনি বলেন, গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও স্বর্ণালংকার পরতেন। এসব তথ্যের ভিত্তিতে দুই আসামি বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন।
সনাতন চক্রবর্তী জানান, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকেছিলেন। তখন পরিবারের সদস্যদের হাতে ধরা পড়লে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তারা ছাদে অপেক্ষা করেন। এ সময় ইয়াবা সেবন করেন তারা। একপর্যায়ে ছাদের শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে দুই আসামিকে দেখে ফেলেন। তখন তার গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।
পরে শব্দ শুনে ছাদে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী। পুলিশের দাবি, দুই আসামি তাদেরও হত্যা করেন। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করা হয়। আগমীকে হত্যার সময় ধস্তাধস্তি হয় এবং পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাদের ভাষ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা।
পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে আসামিদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তদন্তে ঘটনাস্থল থেকে প্রায় ৩৫টি নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
পুলিশ জানায়, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ, বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। এসব নমুনায় নিহত পরিবারের ছয় সদস্য ও দুই আসামি ছাড়া অন্য কারও ডিএনএর উপস্থিতি পাওয়া যায়নি বলে দাবি পুলিশের।
পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা ছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। ওই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ করা হয়েছে।
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ আছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে, এরপর অভিযোগ গঠন করা হবে। বিচার কার্যক্রম শুরু হলে আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে।
তবে পুলিশের দেওয়া ব্যাখ্যা মানতে নারাজ নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে—এটি খোঁড়া অজুহাত। এ ঘটনার পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত রয়েছে বলে তারা মনে করেন।
গোপীনাথ চক্রচবর্তী বলেন, শুরু থেকেই তারা দাবি করে আসছেন, দুইজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। তারা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছিলেন। কিন্তু তাদের বক্তব্য গুরুত্ব পায়নি।
গত ২৩ আগস্ট দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ তুলে ধরেছিলেন।
তিনি জানিয়েছিলেন, গণপতি চক্রবর্তীর বাড়ির পাশের ভবনটি দেবু দাসের। ওই ভবন দিয়ে বৃহস্পতিবার ভোররাতে মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে উঠে আসেন। সেখানে বসে ইয়াবা সেবনের সময় শব্দ হলে ছাদে আসেন শিক্ষক গণপতি। ঘাড়ে গামছা নিয়ে ছাদে আসা গণপতি তাদের দেখে ইয়াবা সেবনের বিষয়ে প্রশ্ন করলে মুগ্ধ ও সিদ্ধার্থ গামছা গলায় পেঁচিয়ে তাকে হত্যা করেন।
তৎকালীন পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, গণপতি চক্রবর্তীর চিৎকার শুনে তার স্ত্রী প্রীতিলতা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকেন। তখন সিঁড়িতে ওত পেতে থাকা দুই আসামি গামছা দিয়ে তার গলায় পেঁচিয়ে হত্যা করেন।
প্রীতিলতার চিৎকার শুনে মাস্টার্স পড়ুয়া মেয়ে আগমী চক্রবর্তী এগিয়ে এলে তাকেও গামছা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এতে মৃত্যু না হওয়ায় রশি এনে তার গলায় ও মুখে পেঁচিয়ে টান দেন আসামিরা। এতে আগমীর মুখের চোয়াল ভেঙে যায়। প্রায় পাঁচ মিনিট চেষ্টা করে তাকে হত্যা করা হয় বলে আগের তদন্তের বিবরণে জানানো হয়েছিল।
এরপর শিশু প্রিয়মের ঘরে গিয়ে তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান দুই আসামি। চিনে ফেলতে পারে এমন আশঙ্কায় ঘুমন্ত অবস্থায় তার গলায় গামছা পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় বলে তখন জানিয়েছিলেন পুলিশ কমিশনার।
আগের পুলিশ কমিশনারের বক্তব্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পর উত্তেজিত ছিলেন মুগ্ধ ও সিদ্ধার্থ। পরে শান্ত হলে প্রিয়মের বাথরুমে প্রথমে সিদ্ধার্থ এবং পরে মুগ্ধ গোসল করেন। এরপর তারা ডাইনিং টেবিলে বসে বয়ামে থাকা খেজুর খান। ফ্রিজ থেকে শসা বের করে খাওয়ার পর আবার ইয়াবা সেবন করেন।
সকাল হলে পালানোর পরিকল্পনা করেন তারা। জুমার দিন হওয়ায় নামাজের সময় বাড়ি থেকে বের হওয়ার পরিকল্পনা ছিল তাদের। ঘটনাকে ডাকাতি হিসেবে দেখাতে বাড়ির আসবাবপত্র তছনছ করে মেঝেতে ফেলে রাখা হয় এবং আলমারির ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার নেওয়া হয়।
দুপুরে বাড়ি থেকে বের হওয়ার আগে গণপতি চক্রবর্তীর বাড়ির দুটি ফোন ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখা হয়, যাতে ফোনে আঙুলের ছাপ পাওয়া না যায় বলে জানিয়েছিলেন তৎকালীন পুলিশ কমিশনার।
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় একই এলাকার প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলাটি রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করে।
পুলিশ জানিয়েছে, দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। তাদের ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলে উপস্থিতির প্রমাণও পাওয়া গেছে। তবে হত্যাকাণ্ডের নয় দিন পর দুই আসামির ডোপ টেস্ট করা হলে তাদের শরীরে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়নি।
আলোচিত এই হত্যাকাণ্ডে দুই আসামির পক্ষে একাই চারজনকে হত্যা করা অবিশ্বাস্য দাবি করে আসামিদের পাশাপাশি অন্য জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংগঠনগুলো।





