নির্বাচন-গণভোট শেষে সড়কে ফিরেছে যান চলাচল

Any Akter
বাংরাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৫৪ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে সারাদেশে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা অকার্যকর হয়। এর আগে মোটরসাইকেলের ওপর সর্বোচ্চ ৭২ ঘণ্টা এবং ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাকের ওপর ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি ছিল।

শনিবার সকালে রাজধানীর রামপুরা, হাতিরঝিল ও কারওয়ান বাজার মোড় এলাকায় দেখা গেছে—মোটরসাইকেল, বাস, প্রাইভেটকার, সিএনজি ও পিকআপসহ সব ধরনের যানবাহন সড়কে চলাচল করছে। তবে সাধারণ দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কম।

আরও পড়ুন: ঢাকার অটোরিকশা-ই-বাইকে নতুন নিয়ম

চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ ছুটির কারণে অনেকেই এখনো ঢাকায় ফেরেননি। ফলে নিষেধাজ্ঞা উঠে গেলেও সড়কে যান চলাচল তুলনামূলক কম রয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে পূর্ণ কর্মদিবস শুরু হলে যানবাহনের চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

খিলগাঁও থেকে গুলশানে মোটরসাইকেলে অফিস করতে আসা রিয়ান আরাফাত বলেন, “তিনদিন মোটরসাইকেল চালাতে না পেরে কষ্ট হয়েছে। তবে দেশের স্বার্থে নির্বাচন হওয়াটা বড় বিষয়। পিকআপ চালক মামুনুর রশিদ বলেন,  ভোটের কারণে একদিন গাড়ি বন্ধ ছিল। এখন রাস্তায় চলাচলে কোনো সমস্যা নেই, তবে গাড়ির সংখ্যা কম।

আরও পড়ুন: চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল

এদিকে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমল শনিবার সকাল ১০টা থেকে খুলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের উপস্থিতি বাড়তে দেখা গেছে। পার্কিং এলাকাতেও গাড়ির ভিড় লক্ষ্য করা গেছে।

এর আগে ১ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহন চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল।