বাসের পর এবার লঞ্চের ভাড়া বাড়ল, কিলোমিটারপ্রতি নতুন হার নির্ধারণ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ন, ০৬ মে ২০২৬ | আপডেট: ১০:২৩ অপরাহ্ন, ০৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এবার পড়েছে নৌপরিবহন খাতেও। বাসভাড়ার পর এবার লঞ্চের ভাড়াও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কিলোমিটারভিত্তিক যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে লঞ্চভাড়া বাড়ানোর ঘোষণা দেয় নৌপরিবহন মন্ত্রণালয়। নতুন ভাড়া একই দিন থেকে কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: মেট্রোরেলের সময় বাড়ছে, রাতে চলাচল বাড়তে পারে আরও ৫০ মিনিট

নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে প্রতি যাত্রীর ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা করা হয়েছে, যা ৬ দশমিক ৪৯ শতাংশ বৃদ্ধি। অন্যদিকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা প্রায় ৫ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর ২৭ বিধি অনুযায়ী যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: বগুড়ায় একতা পরিবহন সার্ভিস বন্ধ ও কাউন্টার ভাঙচুর নিয়ে সংবাদ সম্মেলন

এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ও মিনিবাসের ভাড়াও কিলোমিটারপ্রতি বাড়ানো হয়। নতুন করে লঞ্চভাড়া বৃদ্ধির ফলে নৌপথের যাত্রীদের ব্যয় আরও বেড়ে গেল।