আগামী দুদিন বৃষ্টিপাতের প্রবণতা কম

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২২ | আপডেট: ৯:০৯ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২২
ফাইল ফটো
ফাইল ফটো

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল অবস্থায়  থাকায় আগামী দুদিন (শুক্র ও শনিবার) বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আরও পড়ুন: রাতের মধ্যে ১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও হাতিয়ায় ৩৫, ভোলায় ৩০, মাইজদীকোর্ট ও খেপুপাড়ায় ১৩ এবং মাদারীপুরে ১২ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় কোন বৃষ্টি হয়নি।  

আরও পড়ুন: দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাঙ্গামাটিতে সর্বনিম্ন ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৩ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫ টা ৩৮ মিনিটে।