বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’: চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে।
শুক্রবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি (নং-০৬) থেকে জানা যায়, ঘূর্ণিঝড়টি বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আরও পড়ুন: আসছে ‘ঝংকার’ বৃষ্টিবলয়: ঝড়-বৃষ্টির আভাস
সর্বশেষ তথ্য অনুযায়ী— চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড়টির অবস্থান ১৯৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৮৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতি ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর অত্যন্ত উত্তাল রয়েছে।
আরও পড়ুন: পাঁচ বিভাগে বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।





