বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাব: তিন বিভাগে বজ্রবৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২১ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৬ | আপডেট: ৪:০২ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। রোববার (২২ মার্চ) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাস অনুযায়ী, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন: রাতে ঢাকাসহ ২০ অঞ্চলে হানা দিতে পারে ঝড়, হতে পারে শিলাবৃষ্টিও

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৩ মার্চ) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। অন্যদিকে দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিনও দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন: ঈদের দিন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার (২৪ মার্চ) বৃষ্টির পরিসর আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। ওইদিন রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ২৬ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা নরসিংদীতে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের এই লঘুচাপের প্রভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এ পরিবর্তন দেখা দিচ্ছে।