সিলেটে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৯ জেলায় তাপপ্রবাহ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০০ পূর্বাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:০৫ পূর্বাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের আবহাওয়ায় একসঙ্গে দুই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। একদিকে সিলেট অঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা, অন্যদিকে ঢাকাসহ অন্তত ৯টি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দুপুর পর্যন্ত সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এ কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: ৯ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে কালবৈশাখীর আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে একই সময়ে ঢাকাসহ ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালীসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন: ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

সংস্থাটির ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ৩ এপ্রিল সন্ধ্যা থেকে শুরু হওয়া প্রথম দিনে সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

৪ এপ্রিল সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং কিছু এলাকায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

৫ এপ্রিল থেকে ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

৬ এপ্রিল থেকে বৃষ্টিপাতের বিস্তৃতি আরও বাড়তে পারে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

৭ এপ্রিল থেকে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের প্রথমার্ধে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।