গরমের পর স্বস্তি: সারাদেশে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:২৯ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশে কয়েকদিনের গুমোট গরমের পর স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এতে তাপমাত্রা কমার পাশাপাশি চলমান তাপপ্রবাহও প্রশমিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (৫ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আরও পড়ুন: ১৫ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

বর্তমানে টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা ধীরে ধীরে প্রশমিত হতে পারে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: এপ্রিলজুড়ে একাধিক তীব্র তাপপ্রবাহের আশঙ্কা, বাড়তে পারে ঝড়-বৃষ্টির প্রবণতা

মঙ্গলবার (৭ এপ্রিল) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বুধবার (৮ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে এবং সময়ের শেষ দিকে তাপমাত্রা আবার বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।