ঢাকাসহ ৪ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:১৬ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তীব্র গরমে  জনজীবনে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকাসহ দেশের চারটি বিভাগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যা সাম্প্রতিক তাপদাহ কমিয়ে স্বস্তি আনতে পারে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় দেশের অনেক এলাকায় বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: ৬ জেলায় তাপপ্রবাহ, সারা দেশে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় বায়ুমণ্ডলে বৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঢাকাসহ ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং দেশের অন্যান্য অঞ্চলের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে।

এদিকে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ যেসব অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, বৃষ্টির কারণে তা অনেকটাই প্রশমিত হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন: আসছে ‘ঝংকার’ বৃষ্টিবলয়: ঝড়-বৃষ্টির আভাস

পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পাবে।

গতকাল রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহে, যেখানে ৪৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। সকালে বাতাসের আর্দ্রতা ৮০ শতাংশ থাকায় ভ্যাপসা গরম অনুভূত হলেও দুপুরের পর মেঘ বৃদ্ধি ও সম্ভাব্য বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা শীতল হয়ে উঠতে পারে।