কালবৈশাখীর দাপট, ৫ দিনজুড়ে ঝড়-বৃষ্টি; সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:২৮ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৈশাখের শুরুতে টানা দাবদাহের পর দেশের আবহাওয়ায় বড় পরিবর্তন এসেছে। সোমবার (২৭ এপ্রিল) থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার সকালে আবহাওয়াবিদ আবদুল হামিদ জানান, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি থাকায় সমুদ্র উত্তাল রয়েছে। দেশের ভেতরেও ব্যাপক বজ্রমেঘ সৃষ্টি হওয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং তা আজ ও আগামীকালও অব্যাহত থাকতে পারে। পাশাপাশি বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন: তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ, উৎপাদনশীলতা কমছে: বিশ্বব্যাংক

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, ভারী বর্ষণের ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি রয়েছে। সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ৩০ এপ্রিল থেকে পরবর্তী কয়েকদিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন: ঢাকাসহ ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

০১ ও ০২ মে পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ থাকতে পারে বলে জানানো হয়েছে। এ সময় দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না, তবে পরবর্তীতে ধীরে ধীরে তাপমাত্রা আবার বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এবং তাপমাত্রা পুনরায় বৃদ্ধি পেতে পারে।