সাত বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:৩৩ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের সাত বিভাগের বিভিন্ন এলাকায় আজ শনিবার (৩ অক্টোবর) দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন: ঢাকার আকাশ আংশিক মেঘলা, কমতে পারে দিনের তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। টাঙ্গাইল ও যশোরে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে, শনিবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।

আরও পড়ুন: পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড়ধসের শঙ্কা

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার ঢাকায় সূর্যাস্তের সময় সন্ধ্যা ৫টা ৪৪ মিনিট এবং রোববার সূর্যোদয়ের সময় ভোর ৫টা ৫১ মিনিট।