কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে কুপিয়ে হত্যা

Sadek Ali
মো. মাসুদ রানা, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৫ | আপডেট: ৩:৫৯ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে শীর্ষ সন্ত্রাসী আল মামুনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার  রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: মাদকবিরোধী প্রচারণায় ফুটবল প্রতিযোগিতায় চরশেরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন

মামুন (৪০) পার্শবর্তী তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মকবুল মেম্বারের ছেলে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, কুমিল্লার তিতাসের শীর্ষ সন্ত্রাসী আল মামুন খুন-চাঁদাবাজি-টেন্ডারবাজি-অস্ত্র-মাদক ব্যবসায় জড়িত ছিলেন। এসব কারণে এলাকায় তার প্রতিপক্ষ রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ৪টায় গৌরিপুর মোড়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে চেক পোস্টে আল-মামুন ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশীয় তৈরি মদসহ আটক হয়ে কারাগারে যায়। পরে জামিনে মুক্তি পেয়ে সে ঢাকায় আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুন: চাঁদপুরে জনসংখ্যা দিবস পালিত

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, শীর্ষ সন্ত্রাসী আল মামুন শুক্রবার রাতে ৩ নারীকে নিয়ে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে বাসে উঠেন। গৌরিপুর বাস স্টেশনে বাসটি থামার পর পানি কিনতে মামুন গাড়ি থেকে নিচে নামার পর ৩/৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এ সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছি।

পুলিশ জানিয়েছে, কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, ‘চাঁদাবাজিসহ ২৩ মামলা রয়েছে।