সুন্দরবনে বনদস্যু বাহিনীর দুই সদস্য অস্ত্র-গুলিসহ আটক

Sadek Ali
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১:০২ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ৭:০২ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭) নামে দুই বনদস্যুকে আটক করেছে মোংলা কোস্টগার্ড।

বুধবার (৬ আগস্ট) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান, আটক দুই বনদস্যু আসাবুর বাহিনীর সক্রিয় সদস্য। আটক কৃতরা খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা।

আরও পড়ুন: নরসিংদীতে কিশোরীকে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে বনের শিবসা নদীর শরবতখালী এলাকায় অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকালে মোংলা কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। ডাকাতির প্রস্তুতিকালে কোস্টগার্ড সদস্যরা ওই ডাকাতদের ধাওয়া করেন।

এ সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে অভিযানকারীরা তাদেরকে আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর ২ সহযোগীকে আটক করা হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৩টি একনালা বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড ফাঁকা গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে কোস্টগার্ড ।

আরও পড়ুন: হঠাৎ করেই নরসিংদীতে অপরাধ প্রবণতা বৃদ্ধি, স্থানীয় এমপির পোস্ট

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কোস্টগার্ড জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সঙ্গে ডাকাতি ও ডাকাত দলকে অস্ত্র এবং গোলাবারুদসহ নানা ধরনের রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা। #