কুলাউড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Sanchoy Biswas
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:১৮ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রান্তিক কৃষকের মাঝে শীতকালীন ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে প্রান্তিক কৃষকদের উপস্থিতিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

আরও পড়ুন: খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ আবার আলোচনায়: মারামারি ও পর্নোগ্রাফি মামলায় জেলে

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

তিনি বলেন, উপজেলায় অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক রয়েছেন, যারা বীজ ও সারের অভাবে শীতকালীন সবজি চাষের সুযোগ পান না। সরকার এসব কৃষকদের সবজি চাষে উৎসাহিত করতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।

আরও পড়ুন: পঁচা সবজি থেকে পচনশীল পলিথিন, কলাগাছ থেকে ঢেউটিন আবিষ্কার!

তিনি আশা প্রকাশ করেন, কুলাউড়ার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরকারের এই সুযোগ গ্রহণ করে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি শীতকালীন সবজি উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস পাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুবেল রানা প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য শীতকালীন শাকসবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, এ কর্মসূচির আওতায় বসতবাড়িতে শাকসবজি চাষে ৫২০ জন ও মাঠে চাষযোগ্য শাকসবজি উৎপাদনে ৩০০ জনসহ মোট ৮২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরকারের এ সুবিধা দেওয়া হয়েছে।