কুলাউড়ায় ইউএনওর প্রচেষ্টায় গোগালি ছড়ার ব্রিজে মেরামত কাজ শুরু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঘাগটিয়া সড়কের গোগালি ছড়ার ওপর অবস্থিত দীর্ঘদিনের ক্ষতিগ্রস্ত ব্রিজে অবশেষে মেরামত কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী প্রীতম দাস, সহকারী প্রকৌশলী শরীফুল ইসলাম, জয়চণ্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীলন বৈদ্য, ইউপি সদস্য আব্দুল আওয়াল প্রমুখ।
আরও পড়ুন: গাজীপুরে সহিংসতা আহত-১০,৫ কারখানায় হামলা-ভাঙচুর, বন্ধ ৮৫ কারখানা
ব্রিজটির উপরের ঢালাই নির্মাণকাজ বাস্তবায়ন করছে মেসার্স সুমি কনস্ট্রাকশন। ঠিকাদারি প্রতিষ্ঠানটির কর্ণধার মো. কামরুল ইসলাম জানান, জরুরি ভিত্তিতে ব্রিজটির উপরের পুরো অংশে ঢালাই কাজ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮১ সালে মৌলভীবাজার মহকুমার এসডিও আব্দুল লতিফের উদ্যোগে নির্মিত এই ব্রিজটি ঘাগটিয়া থেকে কুলাউড়া যাতায়াতের একমাত্র সংযোগ পথ। ব্রিজের ওপরের একটি অংশ গোলাকারভাবে ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ৭ থেকে ৮টি গ্রামের মানুষের পাশাপাশি রিকশা, মোটরসাইকেল ও ছোট যানবাহন চলাচল করছিল।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
এ অবস্থার অবসান ঘটাতে ঘাগটিয়া গ্রামের বাসিন্দা ও কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী বিষয়টি উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন দপ্তরে অবহিত করেন। পরে ইউএনওর উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তর দ্রুত সংস্কার কাজ শুরু করে। সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।





