খুলনায় সেলুন থেকে ডেকে নিয়ে তরুণকে গুলি করে হত্যা
খুলনা নগরীতে সন্ত্রাসীদের গুলিতে রাকিব হোসেন (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব লবণচরা থানার আশিবিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় রাকিব একটি সেলুনে অবস্থান করছিলেন। এ সময় দুই যুবক সেলুনে ঢুকে তাকে বাইরে নিয়ে যায়। পরে তাকে লক্ষ্য করে মাথায় পরপর দুটি গুলি করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আরও পড়ুন: রংপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন অ্যাডিশনাল ডিআইজি
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, রাত ১০টার দিকে পশ্চিম টুটপাড়া কুবা মসজিদ এলাকায় গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: নান্দাইলে শিশুকে বলাৎকার করতে ব্যর্থ হয়ে হত্যার অভিযোগ, কিশোর আটক
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত রাকিব একটি স্থানীয় গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।





