কুলাউড়াকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলবো: নওয়াব আলী আব্বাছ খাঁন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের স্বতন্ত্র প্রার্থী, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব, সাবেক তিনবারের এমপি নওয়াব আলী আব্বাছ খান বলেছেন, কুলাউড়ার মানুষের কাছে জনপ্রতিনিধি হিসেবে আমি পরীক্ষিত। তিনবার সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে ও এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছি। সেই পুরোনো অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। এটাই আমার জীবনের শেষ নির্বাচন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুলাউড়া পৌর শহরের ডাকবাংলো মাঠে আয়োজিত তাঁর নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।
জাপা নেতা মুহিবুর রহমান লাল মেম্বারের সভাপতিত্বে ও শেখ আশরাফ উদ্দিন হিরোর পরিচালনায় স্বতন্ত্র প্রার্থী আলী আব্বাছ আরও বলেন, আমি বিজয়ী হলে কুলাউড়াকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলবো। সকল মতের মানুষকে নিয়ে সুন্দর একটি কুলাউড়া উপহার দিব।
আরও পড়ুন: অধ্যক্ষের সহায়তায় জাল সনদে চাকরি, তুলছেন সরকারি বেতন
বিগত সময়ে কুলাউড়ার উন্নয়ন নিয়ে তিনি বলেন, আমার সময়ে রাস্তাঘাটসহ গ্রামীণ অবকাঠামোর অসংখ্য উন্নয়ন হয়েছে। যারা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের অনেকে নির্বাচনী সভায় বলে বেড়াচ্ছেন আমি কুলাউড়ার কোনো উন্নয়ন করিনি। তাদেরকে বলবো, আমি যখন প্রথম সংসদ সদস্য নির্বাচিত হই তখন অনেক প্রার্থীর রাজনৈতিক জন্মই হয়নি। তাই তারা কিভাবে আমার উন্নয়ন দেখবে।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে “ফুটবল” মার্কায় ভোট দিয়ে তাকে শেষবারের নির্বাচনে বিজয়ী করে কুলাউড়াবাসীর পুনরায় খেদমত করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: চট্টগ্রামে এনসিপির মহানগর সদস্য সচিবসহ ৮ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টি নেতা মুহিবুল কাদির পিন্টু, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নওয়াব আলী নকী খান ও আলী বাকর খান হাসনাইন, সমাজসেবক নওয়াব আলী তকী খান, ছাত্রনেতা নওয়াব আলী হাসিব খান প্রমুখ। সভার পূর্বে ফুটবল সমর্থকদের এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।





