বিএনপির নির্বাচনী প্রচারে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ শতাধিক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০৮ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর-২ আসনে বিএনপির পূর্বনির্ধারিত শেষ নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় বিএনপির নেতাকর্মীসহ শতাধিক ব্যক্তি দগ্ধ হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী মাজার বস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: দুমকির ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের চেষ্টা, দুই কিশোরের তৎপরতায় বড় ক্ষতি রক্ষা

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর-২ আসনের বিএনপির শেষ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক টঙ্গী এলাকায় জড়ো হন। প্রচারণাকে বর্ণাঢ্য করতে মিছিল শুরুর আগে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর প্রস্তুতি চলছিল। এ সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশে থাকা শ্রমিক, নেতাকর্মী ও সমর্থকরা দগ্ধ হন।

বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনেকেই দগ্ধ অবস্থায় এদিক-ওদিক ছুটোছুটি শুরু করেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের সামনে আহতদের স্বজনদের ভিড় জমে যায়।

আরও পড়ুন: বরিশালে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দুই প্রার্থীর লিখিত অভিযোগ

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অনেকের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

টঙ্গী সরকারি হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. নাফিসা শারমিন বলেন, দগ্ধ অবস্থায় একাধিক আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আশঙ্কাজনক রোগীদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ বা নাশকতার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান। তারা আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সহায়তার বিষয়টি তদারকি করেন। দলীয় নেতারা ঘটনাটিকে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা উল্লেখ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।