ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ধানের শীষের প্রথম জয়

Sanchoy Biswas
চন্দন কুমার দেব, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:৩০ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এম এ হান্নান। এ আসনে এবারই প্রথম বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে কোনো প্রার্থী বিজয়ের মুখ দেখলেন।

বৃহস্পতিবার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে গণনা সম্পন্ন করে রাত সাড়ে ১১টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে এম এ হান্নান পেয়েছেন ৬৯ হাজার ২৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৫ হাজার ৫৬৮ ভোট। ফলে ৩৩ হাজার ৬৮৭ ভোটের উল্লেখযোগ্য ব্যবধানে জয় নিশ্চিত করেন এম এ হান্নান।

আরও পড়ুন: কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

রাজনৈতিক জীবনে এম এ হান্নান গোকর্ণ ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৩ হাজার ৮২৭ জন। এর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ১৮৬টি ভোট পড়েছে, যা মোট ভোটারের প্রায় ৫৩ শতাংশ। অন্য প্রার্থীদের মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ২৩ হাজার ২২৯ ভোট এবং কলার ছড়ি প্রতীকে ১৭ হাজার ১৩৪ ভোট পড়ে।

আরও পড়ুন: নিকলীতে ১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফলাফল ঘোষণার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এম এ হান্নান সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি প্রতিপক্ষের প্রতি কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ না করা এবং কোথাও বিজয় মিছিল না করার অনুরোধ করেন।