নাসিরনগর সদরে ফ্ল্যাট বাসায় দুঃসাহসিক চুরি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে একটি ফ্ল্যাট বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। আলমারি ভেঙে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটের অভিযোগ উঠেছে।
উপজেলা সদরের প্রাথমিক শিক্ষক সমিতি মার্কেট সংলগ্ন উত্তর পাড়ায় নাসিরনগর সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো: মাঈন উদ্দীন শান্তর মালিকানাধীন একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন একই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রওশন আরা আহম্মদ আঁখি। ভবনের দ্বিতীয় তলায় বসবাস করেন বাড়ির মালিক মো: মাঈন উদ্দীন শান্ত নিজেই।
আরও পড়ুন: ঝুম বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো ১৯৯তম ঈদুল আজহার জামাত
রওশন আরা আহম্মদ আঁখির স্বামী ঢাকায় চাকরি করেন। সন্তান ও বাবাকে নিয়ে নাসিরনগরের ওই বাসায় বসবাস করেন রওশন আরা আহম্মদ আঁখি। রমজানের শুরুতে (১৯ ফেব্রুয়ারি) ছুটি কাটাতে বাসায় তালা দিয়ে তিনি সন্তানকে নিয়ে স্বামীর কাছে ঢাকায় চলে যান। এ সময় নিকটাত্মীয়রা মাঝেমধ্যে এসে বাসাটি দেখে যেতেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বাড়ির মালিক মাঈন উদ্দীন শান্ত তিনতলায় গিয়ে দেখেন ভাড়াটিয়ার বাসার দরজা খোলা। বিষয়টি সন্দেহজনক মনে হলে ভেতরে উঁকি দিয়ে তিনি চুরির ঘটনা দেখতে পান। ঘরে ঢুকে দেখা যায়, স্টিলের আলমারি ভেঙে ড্রয়ারগুলো খুলে কাপড়চোপড় ও বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে ফেলে রাখা হয়েছে। ওয়ারড্রোবের ভেতরের জিনিসপত্রও তছনছ অবস্থায় পড়ে আছে। মেঝেতে পড়ে ছিল স্বর্ণের খালি বাক্স। ঘরের বিছানাপত্রসহ প্রায় সবকিছুই তছনছ করা হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫
ঘটনা বুঝতে পেরে প্রভাষক মাঈন উদ্দীন শান্ত তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে ভাড়াটিয়া প্রভাষক রওশন আরা আঁখিকে এবং নাসিরনগর থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করেন। পরে বিকেলে নাসিরনগর থানার এসআই সুমন চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





