নড়াইল পুলিশ লাইন্সের নারী ব্যারাকে পুলিশ সদস্যের আত্মহত্যা
নড়াইল পুলিশ লাইন্সের নারী ব্যারাকে এক নারী পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আত্মহত্যা করা পুলিশ সদস্যের নাম মোসা নূরে জান্নাতুল ছনিয়া। তিনি ২৬ বছর বয়সী এবং মানিকগঞ্জের দৌলতপুর থানার তালুতনগর গ্রামের মো. দুলাল মিয়ার কন্যা।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১২
শুক্রবার (২০ মার্চ) দুপুরে নড়াইল পুলিশ লাইন্সের মাঠে ছনিয়ার জানাজা অনুষ্ঠিত হয়।
পরিবারের বরাতে জানা গেছে, ছনিয়া কয়েকদিন ধরে মানসিকভাবে হতাশা ও চাপের মধ্যে ছিলেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বাড়ছে দেশীয় মাছের উৎপাদন
নড়াইলের পুলিশ সুপার মো. আল মামুন সিকদার জানান, বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে ছনিয়া নারী ব্যারাকের একটি রুমে একা ছিলেন। ওই সময়ে তিনি তার ওড়না ফ্যানের সঙ্গে পেঁচিয়ে ঝুলে ছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে পুলিশ লাইন্সে তার জানাজা সম্পন্ন হয়। এরপর পরিবারের সদস্যরা মরদেহটি নিজ বাড়ি মানিকগঞ্জে নিয়ে যান।





