আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত: স্বাস্থ্যমন্ত্রী
"আপনারা আমাকে ফুল দিয়ে সংবর্ধিত করছেন। সেটা আবেগ। আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত। স্বাস্থ্য সেবাকে আমূল পরিবর্তন করতে হবে এবং স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে," বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল (এমপি)।
রবিবার (২২ মার্চ) বিকেলে নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি
তিনি আরও বলেন, "আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কিছু সৃষ্টির উদ্ভাবক। তিনি আমার উপর আস্থা রেখে আমাকে মন্ত্রী (দায়িত্ব) দেওয়া হয়েছে। আমাকে সফল হতে হবে। বিগত সরকার কুইক রেন্টাল নামে বিদ্যুৎ খাতে তৈরি করে ব্যাপক দুর্নীতি করে গেছেন। সেটা সামাল দিতে আমাদের বেগ পেতে হচ্ছে। আমাদের কাজ হবে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। বর্তমান সরকার ইতিমধ্যে ৩৯ হাজার ফ্যামিলি কার্ড প্রদান করেছে। পর্যায়ক্রমে সকলে এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। ঋণের জন্য এখন আর পুলিশ কৃষকের কোমরে দড়ি লাগায় না। কারণ সরকার ১০ হাজার টাকার ঋণ সুদ আসল মাফ করে দিয়েছে। ইতিমধ্যে সরকার স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।"
নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গণসংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক মনজুর এলাহীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও গণসংবর্ধনা উদযাপন কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, নরসিংদী চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
আরও পড়ুন: ৩২ লাখ কোটি টাকা লুটপাট করেছে শেখ হাসিনা: চিফ হুইপ নূরুল ইসলাম মনি





