রাঙ্গুনিয়ায় বিএনপি নেতার বাড়িতে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধ ওসমান গনি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ন, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ১০:০২ পূর্বাহ্ন, ২৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে বিএনপির স্থানীয় এক নেতার বাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনি (৪২) গুলিবিদ্ধ ও কুপিয়ে গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) রাত ৮টা ১০ মিনিটের দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ওসমান গনির হাতে ও পেটে গুলি লাগে। এছাড়া তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।

আরও পড়ুন: জাইমা রহমান চেলসি নারী দলের গোলকিপারের সুযোগ পেয়েছিলেন : ক্রীড়া প্রতিমন্ত্রী

এ ঘটনায় তার মা আছিয়া বেগম (৭০)-এর পায়েও গুলি লাগে এবং বাবা রশিদ আহমদের মাথায় আঘাত লাগে বলে স্বজনরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩-৪ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল এই হামলা চালায়। আহতদের উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ওসমান গনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য নগরীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: জ্বালানি সংকটে বন্ধের মুখে পেট্রোল পাম্প

উপজেলা বিএনপি নেতা কামাল হোসেন জানান, ওসমান গনির শরীরে একাধিক গুলি লেগেছে, যার মধ্যে পেটে লাগা গুলিটি গুরুতর। এছাড়া তার একটি হাত কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে। চিকিৎসকরা সেটি কেটে বাদ দেওয়ার পরামর্শ দিলেও বর্তমানে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ঘটনার পরপরই দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে।