নরসিংদীতে মব সৃষ্টি করে শিক্ষকের উপর হামলা আতঙ্কিত শিক্ষক-শিক্ষার্থীরা

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৩১ অপরাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় মব সৃষ্টি করে এক শিক্ষকের উপর সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

রবিবার (১৯ এপ্রিল) সকালে রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খোদ কলেজের ভিতরই সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন ওই কলেজেরই শিক্ষক অধ্যক্ষ মো. নূর সাখাওয়াত হোসেন।

আরও পড়ুন: গাকৃবির ভিসি ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন সকাল সাড়ে ৯ টার দিকে প্রতিদিনের ন্যায় রবিবারও কলেজে উপস্থিত হয়ে দাপ্তরিক কাজ করছিলেন। এসময় এলাকার আমজাদ হোসেন নামে এক স্থানীয় নেতার নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে কলেজের ভিতর ঢুকে অধ্যক্ষকে খুঁজতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে তারা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে অধ্যক্ষের উপর হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। একপর্যায়ে তারা অধ্যক্ষকে টেনে হেঁচড়ে তার কার্যালয় থেকে বের করে বারান্দায় এনে এলোপাথারি কিলঘুষি মারতে থাকেন। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীগণ এগিয়ে আসলে সন্ত্রাসীরা অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার পর থেকে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: নরসিংদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ধর্ষক আটক

এ ব্যাপারে অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন বলেন, এলাকার আমজাদ হোসেন, নাজমুল হোসেন বাদল, আব্দুল জলিল, জুয়েল, আল আমিন, মিল্লাত ভূইয়া, হাসনাত ভূইয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী অফিস কক্ষে ঢুকে তার নিকট মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়। এসময় কলেজের শিক্ষক ও কর্মচারীগণ এগিয়ে আসতে থাকলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়| এ ব্যাপারে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আমজাদ হোসেন ও নাজমুল হোসেন বাদলের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তা তারা রিসিভ করেননি।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।