মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই: তথ্য প্রতিমন্ত্রী

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৪৬ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, একটি নৈতিক ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা যুব সমাজ ও কিশোর-কিশোরীদের চিন্তাকে প্রসারিত করে মূল্যবোধ তৈরি করে এবং প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে।

তিনি শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে নান্দাইল উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস আয়োজিত চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা-২০২৬ইং) উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আরও পড়ুন: কুলাউড়ায় উচ্ছেদ অভিযান, ১২ অবৈধ দোকান অপসারণ

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ফুটবল টুর্নামেন্টে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আরও বলেন, বর্তমান সরকার আগামী শিক্ষা বর্ষে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে এবং সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে। সারাদেশে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে সব জাতীয় ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করেছেন। একটি ক্রীড়া-বান্ধব পরিবেশের মাধ্যমে একটি সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা আক্তার, নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুল ইসলাম ভুঁইয়া মনিরসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: সংসদে তথ্য উপদেষ্টাকে বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় ক্ষোভ, মন্ত্রীর বিবৃতি দাবি

এছাড়াও উক্ত অনুষ্ঠানে নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।