কসবার সাংবাদিক দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আলোচিত সাংবাদিক দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামিকে ২৫ এপ্রিল বিকেলে ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে জেলার কসবা উপজেলার একটি মাদকসেবী ও চোরাচালান চক্র ক্ষিপ্ত হয়ে ওঠে আইপি টেলিভিশন ‘তালাশ ক্রাইম দৃষ্টি’র ব্যবস্থাপনা সম্পাদক ও শিমরাইল মধ্যপাড়ার বাসিন্দা দ্বীন ইসলামের ওপর। গত ২৪ মার্চ সকালে বিবাদীরা দেশীয় অস্ত্র নিয়ে দ্বীন ইসলামের বাড়ি ঘেরাও করে তাকে প্রচণ্ড মারধর করে এবং টেনে-হিঁচড়ে বাড়ি থেকে বের করে নিয়ে মারাত্মকভাবে জখম করে অজ্ঞান অবস্থায় বুড়ি নদীর পশ্চিম পাড়ে ফেলে রেখে যায়। পরবর্তীতে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কসবা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২৬ মার্চ তারিখে দ্বীন ইসলামের বাবা বাদী হয়ে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শন, দক্ষ মানবসম্পদ উন্নয়নে জোর
ঘটনার শুরু থেকেই বিষয়টির ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালায় র্যাব। এরই ধারাবাহিকতায় ২৫ এপ্রিল বিকেল আনুমানিক ৫টার দিকে ডিএমপি ঢাকার শেরেবাংলা নগর থানাধীন শেরেবাংলা নগর উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আওয়াল (৪৮) (পিতা: আব্দুল লতিফ মেম্বার, গ্রাম: শিমরাইল) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত আব্দুল আওয়াল সাংবাদিক দ্বীন ইসলাম হত্যা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি।
র্যাব–৯-এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব–৯-এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: চট্টগ্রামে প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায়দের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আবু সুফিয়ান





