জামায়াত নেতাকে বিপুল টাকাসহ আট'ক করা সেই এসপি এবার রমনার ডিসি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ন, ১৭ মে ২০২৬ | আপডেট: ৩:০৪ অপরাহ্ন, ১৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার পদে দায়িত্ব পেয়েছেন শেখ জাহিদুল ইসলাম। এর আগে তিনি নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: কুলাউড়ায় একসঙ্গে ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্র সংসদ ‘আল-ফায়জী’

একই আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মিনা মাহমুদাকে ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগে বদলি করা হয়েছে। তিনি আগে জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে গত ৫ মে রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। তার স্থলাভিষিক্ত হলেন শেখ জাহিদুল ইসলাম।

আরও পড়ুন: মোহনগঞ্জে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু

পুলিশ সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটকের ঘটনায় আলোচনায় আসেন জাহিদুল ইসলাম। সে সময় তিনি নীলফামারীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ওই ঘটনার পর তাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয় এবং জামায়াতের পক্ষ থেকে তার বিরুদ্ধে সমালোচনাও করা হয়েছিল।

বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম ২০২০ সালের ১৮ জুন পুলিশ সুপার পদে পদোন্নতি পান। পরে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে তাকে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার করা হয়। পরে জাতীয় নির্বাচনের আগে গত ২৬ নভেম্বর তাকে নীলফামারীতে বদলি করা হয়।