পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ন, ১৯ মে ২০২৬ | আপডেট: ৫:২৯ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়। মঙ্গলবার (১৯ মে) সকালে মেলা উপলক্ষে স্থানীয় সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ব্যায়ামাগারে গিয়ে শেষ হয়। পরবর্তীতে ব্যায়ামাগারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে সারাদেশে এই ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী আধুনিক ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের ভোগান্তি কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালিদুর রহমান মিয়া এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ আমানুল ইসলাম।

আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষকে ভূমি-সংক্রান্ত সেবা সম্পর্কে সচেতন করতে এবং ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান ও খতিয়ানের আবেদনসহ ডিজিটাল সেবাগুলো হাতের নাগালে পৌঁছে দিতেই এই মেলার আয়োজন। কোনো প্রকার মধ্যস্বত্বভোগী বা দালালের দৌরাত্ম্য ছাড়াই নাগরিকরা যেন সরাসরি সেবা পেতে পারেন, মেলায় সেই ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

ভূমি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উদ্বোধনী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা প্রাঙ্গণে ভূমি-সংক্রান্ত সব সেবা ও পরামর্শ প্রদান করা হবে।

আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২