রামিসা হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে শেরপুরে মানববন্ধন

Sanchoy Biswas
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ন, ২১ মে ২০২৬ | আপডেট: ৫:০০ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শহরের খরমপুর মোড়ে স্বেচ্ছাসেবক সংগঠন ‘আজকের তারুণ্য’ আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন শেরপুরে বসবাসরত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা। তিনি কোনো কথা না বললেও অঝোরে শুধু কেঁদেছেন।

আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শ্রমিক দল নেতা শওকত হোসেন, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা এবং এলাকাবাসীর পক্ষে কাজী মাসুম প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, রামিসার খুনি মাসুদ রানা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন এবং অপরাধ স্বীকার করেছেন। তাই সরকারের নির্বাহী ক্ষমতায় প্রকাশ্যে ঢাকার জিরো পয়েন্টে ফাঁসি দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।

আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২

বক্তারা হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশের আনাচে-কানাচে যেসব হত্যাকাণ্ড, ধর্ষণ ও শিশু হত্যা হয়, সেসব ঘটনার অপরাধীদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, রামিসার বাবা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বলেছেন, ‘আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না।’ তাই আমরা মনে করি রাষ্ট্রকে প্রমাণ করতে হবে, এই রাষ্ট্রে অপরাধীদের ও ধর্ষকদের বিচার হয়। আগামীতে আর একটি রামিসাও যেন নৃশংসতার শিকার না হয়, সেজন্য কঠোর আইন প্রয়োগ করতে হবে।