এক সপ্তাহে নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার
দেশের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ সময় হত্যা, অপমৃত্যুসহ বিভিন্ন ঘটনায় মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে এবং ৩০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) নৌ পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ থেকে ২১ মে পর্যন্ত পরিচালিত অভিযানে নদীপথে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ৩টি হত্যা মামলা, ১১টি অপমৃত্যু মামলা, ৬৩টি মৎস্য আইন মামলা, বেপরোয়া গতিতে নৌযান চালানোর অভিযোগে ১৩টি মামলা, ১টি বালুমহাল আইন, ১টি মাদক আইন, ১টি ডাকাতি, ১টি অপহরণ, ১টি চাঁদাবাজি এবং ১টি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
নৌ পুলিশ জানায়, অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি।
আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২
এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা করা হয়েছে। একই সঙ্গে অভিযান চালিয়ে ২টি ড্রেজারও জব্দ করা হয়।
নৌ পুলিশের দাবি, নদীপথে অপরাধ দমন, মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত রয়েছে।





