শনিবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৩ মে) ময়মনসিংহ সফরে যাচ্ছেন। সফরে তিনি ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন।
সূত্র জানায়, শনিবার সকাল ৯টায় তিনি ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২টায় ত্রিশালে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে বেলা ৩টায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল অ্যাকাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
আরও পড়ুন: মাদকবিরোধী প্রচারণায় ফুটবল প্রতিযোগিতায় চরশেরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন
সফরের অংশ হিসেবে তিনি বিকেলে ত্রিশালের নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
সফর ঘিরে ইতোমধ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে জনসংখ্যা দিবস পালিত
জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালে দীর্ঘ সময় পর এবার জাতীয় পর্যায়ে জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
তিন দিনব্যাপী নজরুল জয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল অ্যাকাডেমি মাঠে মেলা বসেছে। পাশাপাশি একই মাঠে নজরুল মঞ্চে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।





