ঈদযাত্রা ও পশুর হাটে র্যাবের বাড়তি নজরদারি, সক্রিয় গোয়েন্দা টহল
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে পটুয়াখালী ও বরগুনা জেলায় নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৮, সিপিসি-১। ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে বাস টার্মিনাল, লঞ্চঘাট, ফেরিঘাট এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। একই সঙ্গে বৃহত্তর পশুর হাটগুলোতেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
রবিবার (২৪ মে) র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরবানির পশু কেনাবেচাকে কেন্দ্র করে কোনো ধরনের অপরাধ, প্রতারণা কিংবা চাঁদাবাজি ঠেকাতে মাঠে সক্রিয় রয়েছে র্যাবের আভিযানিক দল। হাটগুলোতে পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পশুর হাটে জাল টাকা লেনদেন প্রতিরোধে অত্যাধুনিক জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানো হয়েছে। পাশাপাশি কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি বা হয়রানির অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।
ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। ছিনতাইকারী চক্র, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে নিয়মিত টহল ও নজরদারি চালানো হচ্ছে।
আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২
এছাড়া ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে বিভিন্ন মার্কেট, বিপণিবিতান এবং প্রধান ঈদগাহগুলোতেও বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





