কুমিল্লা জেলা পরিষদের তহবিল থেকে আসিফ ও হাসনাত টাকা নিয়েছেন বলে অভিযোগ প্রশাসকের
কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিপুল পরিমাণ অর্থ নেওয়ার অভিযোগ তুলেছেন জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. মোস্তাক মিয়া।
শনিবার (৩০ মে) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
আরও পড়ুন: কুলাউড়ায় আগুনে পুড়ে মারা গেলো ৫ গরু
মোস্তাক মিয়া বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে বর্তমানে এনসিপির মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ১৫ কোটি টাকা নিয়েছেন। একইভাবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন বলেও দাবি করেন তিনি।
বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালনকারী মোস্তাক মিয়া তার বক্তব্যে বলেন, “আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। এটি আমাদের নিজস্ব রাজস্বের অর্থ। আর হাসনাত আবদুল্লাহ নিয়েছেন ১০ কোটি টাকা। তারা বৈষম্যবিরোধী রাজনীতির কথা বললেও নিজেদের মধ্যে সেই সমন্বয় ছিল না।”
আরও পড়ুন: নিজ দলের কেউ অপরাধে জড়ালেও ছাড় নয়: প্রতিমন্ত্রী
তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আলোচনা সভায় মোস্তাক মিয়া আরও বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে। তিনি দাবি করেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনৈতিক পুনর্গঠনে নেতৃত্ব দিচ্ছেন এবং অতীতের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছেন।
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।





