পুলিশের চাকরিকে ‘ব্যবসা’ বলার অভিযোগে কলমাকান্দা থানার ওসি প্রত্যাহার
নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেমের একটি কথিত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
রোববার (৩১ মে) ওসি আবুল হাশেমকে কলমাকান্দা থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ অফিসে সংযুক্ত করা হয়।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডে থানার পুলিশ সদস্যদের উদ্দেশে একজনকে বলতে শোনা যায়, “পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস। আমরা কেউ কাউকে ঠকাব না। সবাই মিলেমিশে থাকব।”
অডিওতে আরও বলা হয়, “পুলিশের চাকরিটা এক ধরনের ব্যবসা। সবাই কিন্তু এই ব্যবসার সঙ্গে জড়িত না। আমরা একজন আরেকজনকে নিরাপদ রাখছি। সবাই সমন্বয় করে চলতে হবে। আমি আপনাদের ঠকাব না। যার যে অধিকার, সে যেন সেটা পায়।”
আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২
অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
তবে এ বিষয়ে ওসি মো. আবুল হাশেম দাবি করেছেন, অডিওতে থাকা কণ্ঠ তার নয়। কীভাবে তার নামে এমন একটি রেকর্ড প্রচার করা হচ্ছে, সে বিষয়ে তিনি অবগত নন বলেও জানান।
এদিকে নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি নজরে আসার পরপরই ওসি আবুল হাশেমকে প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, “অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”





