সাভারে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০০ পুড়িয়া হেরোইনসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: হরিদাসের অর্থের উৎস ও দাতাদের পরিচয় জানতে চায় পুলিশ
পুলিশ জানায়, প্রথম অভিযানে মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে ধামরাই থানার খোলামোড়া তিন রাস্তার মোড় এলাকা থেকে সানোয়ার (৪০) ও লিটন (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
অপরদিকে, বুধবার (১০ জুন) ভোর সাড়ে ৩টার দিকে আশুলিয়া থানার বাইপাইল এলাকায় পৃথক অভিযানে জহুরুল ইসলাম (২৮), সাদ্দাম হোসেন (৩৫) ও জাহিদ মোল্লা (৪০) নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৬০০ পুড়িয়া হেরোইন, মাদক বিক্রির নগদ ৫ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আরও পড়ুন: একতা এক্সপ্রেস লাইনচ্যুত, থমকে উত্তরবঙ্গের রেলপথ
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সানোয়ারের বিরুদ্ধে দুটি এবং সাদ্দামের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





