স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, বঙ্গভবনে অফিস
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে জাতীয় সংসদ ভবন এলাকার স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন হাফিজ উদ্দিন আহমদ। তবে রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বঙ্গভবন থেকে।
শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানান।
আরও পড়ুন: প্রত্যাহারের পর পুলিশ হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব
এর আগে শুক্রবার বিকেল থেকেই জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন এবং এর আশপাশের এলাকায় রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
আরও পড়ুন: জ্বালানি সংকটে দুই মাসে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন।





