চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী বেলায়েত হোসেন
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা ও প্রকৌশলী বেলায়েত হোসেন। বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া প্রকৌশলী বেলায়েত হোসেনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতার পাশাপাশি প্রকৌশল পেশার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তিনি চট্টগ্রামের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচিত মুখ।
আরও পড়ুন: যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হতেই মামলার সাক্ষীকে হুমকি
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী প্রকৌশলী বেলায়েত হোসেনকে সিডিএ চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ দায়িত্ব পালনের জন্য তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
যোগদানের তারিখ থেকে তার নিয়োগের মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে। এছাড়া নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ কার্যকর করা হয়।
আরও পড়ুন: ফুলগাজীতে শিশুপুত্রকে আছাড়ে হত্যার অভিযোগ, বাবা আটক
রাজনৈতিক জীবনের শুরুতে বেলায়েত হোসেন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ১৯৮৪ সালে তিনি চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৯৮৬ সালে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি সন্দ্বীপ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
চট্টগ্রামের অবকাঠামো উন্নয়ন, নগর পরিকল্পনা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সিডিএ কী ধরনের ভূমিকা রাখবে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।





