চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা।
শুক্রবার রাজধানীর মালিবাগ মোড়ের ফালইয়াফরাহু চত্বরে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
আরও পড়ুন: যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হতেই মামলার সাক্ষীকে হুমকি
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তারা এ-সংক্রান্ত উদ্যোগের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচারের দাবি জানান।
সংগঠনের সদস্যসচিব আল্লামা কাজী আহমাদ বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সংযুক্ত বিভিন্ন আন্তর্জাতিক বিষয় বাংলাদেশের স্বার্থের জন্য উদ্বেগজনক। তিনি দাবি করেন, প্রতিষ্ঠানটি পরিচালিত বিভিন্ন বন্দরের কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা বিতর্ক রয়েছে। এ কারণে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া উচিত হবে না।
আরও পড়ুন: ফুলগাজীতে শিশুপুত্রকে আছাড়ে হত্যার অভিযোগ, বাবা আটক
সংগঠনের আহ্বায়ক আরিফ আল খবির বলেন, নিউমুরিং টার্মিনাল একটি লাভজনক ও আধুনিক বন্দরসুবিধা। এটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা না দিয়ে দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনা করা উচিত। তিনি আরও দাবি করেন, এ ধরনের উদ্যোগের পেছনে আন্তর্জাতিক ভূরাজনৈতিক স্বার্থ জড়িত থাকতে পারে।
সমাবেশে বক্তারা চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত বা প্রস্তাবিত চুক্তি বাতিলের দাবি জানান। একই সঙ্গে দেশের বন্দরসমূহ দেশীয় অপারেটরদের মাধ্যমে পরিচালনার আহ্বান জানান।
এ ছাড়া সমাবেশ থেকে পলাশবাড়িতে বিতর্কিত স্থাপনা অপসারণ, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ এবং বিদেশি দেশের পতাকা প্রদর্শন-সংক্রান্ত কয়েকটি দাবিও উত্থাপন করা হয়।
আয়োজকদের দাবি, সমাবেশে সংগঠনটির প্রায় এক হাজার সদস্য অংশ নেন।





