মুন্সীগঞ্জে টাকা নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাতে হত্যা
মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শিলমান্দি (জসিমনগর) এলাকায় টাকা লেনদেনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মো. আরিফ বেপারী (৩৫) নামে এক কসাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে তার মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
নিহত আরিফ বেপারী পূর্ব শিলমান্দি জসিমনগর এলাকার বাসিন্দা এবং মতিন বেপারীর ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন। তার ভাই আকাশ বেপারীও একই পেশায় কাজ করেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে রোগীকে মারধরের অভিযোগে হাসপাতালের চিকিৎসককে সাময়িক অব্যাহতি
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একই এলাকার নুর মোহাম্মদ নামের আরেক কসাইয়ের সঙ্গে টাকা লেনদেন নিয়ে আরিফের ভাই আকাশ বেপারীর দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ ঘটনায় সম্প্রতি থানায় অভিযোগও করা হয় বলে জানান ভাই আকাশ বেপারী।
অভিযোগ রয়েছে, গতকাল শনিবার সকালে মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সিরহাট বাজারে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে রোববার ভোরে আকাশকে না পেয়ে প্রতিপক্ষ তার ভাই আরিফ বেপারীকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে সকাল ৯ টার দিকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কুলাউড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম
মরদেহে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, ভোরে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি, জসিমনগর গ্রামের বাসিন্দা আরিফ নামের এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন ফরেনসিক আলামত সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় আড়াইশ গজ দূরে তার বসতবাড়ি, যেখানে তিনি একাই বসবাস করতেন। এই হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত, তা উদঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।





