টাঙ্গাইলে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ আসামির যাবজ্জীবন

Sadek Ali
শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ৫:১৬ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলে এক নারীকে ধর্ষনের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড ও একজনকে ১৫ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আ.ন.ম. ইলিয়াছ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে এই আদেশ দেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কামারিয়া গ্রামের মৃত মুকছেদ আলীর ছেলে শফিকুল ইসলাম শফি এবং ময়েজ উদ্দিনের ছেলে সামছুল হক সামছু।

তাদের দুইজনকেই এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। অপর আসামী আব্দুর রহিমকে ১৫ বছরের সশ্রম কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। আব্দুর রহিম জামালপুর জেলার সদর উপজেলার কটার বাড়ি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

আরও পড়ুন: সাজেকে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, ভ্রমণে নিষেধাজ্ঞা

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারী কৌশুলী (পিপি) ওমরাও খান দীপু জানান, জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ গ্রামের এক নারীকে দন্ডিতরা বিগত ২০২৩ সালের (২২ জুন) টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের দোখলা এলাকার ইয়াদ আলীর চালা নামক স্থানে মনের ভিতর একটি টং মেশিন ঘরে নিয়ে রাতভর ধর্ষন করে। পরে ওই নারী বাদি হয়ে ঘটনার চার দিন পর (২৬ জুন) মধুপুর থানায় মামলা দায়ের করেন। মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার আদালতে তিন আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। আদালত বিগত ২০২৩ সালের (২৪ ডিসেম্বর) আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় সাত জনের স্বাক্ষী গ্রহণ করা হয়।

রায় ঘোষনার পর তিন আসামীকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: বিজিবি’র অভিযানে জুন মাসে ৩০৭ কোটি ৬৫ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারী কৌশুলী (পিপি) ওমরাও খান দীপু। আসামী পক্ষে ছিলেন শাহান শাহ সিদ্দিকী।