সাজেকে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, ভ্রমণে নিষেধাজ্ঞা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৯ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ১:৪৯ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় রাঙামাটির সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় সাজেকে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

আরও পড়ুন: মোহনগঞ্জে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী এবং জেলায় চলমান ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় ভূমিধস ও পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। এছাড়া কয়েকটি স্থানে সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে।

এ পরিস্থিতিতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালির সব পর্যটন কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন: কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী

নির্দেশনায় আরও বলা হয়েছে, সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনে সাজেকে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্যও সবাইকে অনুরোধ করা হয়েছে।