বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: ১১ জেলে উদ্ধার, নিখোঁজ ২
উত্তাল বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার ডুবির ঘটনায় ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছেন দুইজন। তারা হলেন- কালাম ও শহিদ।
মঙ্গলবার রাত ৩টার দিকে তালতলী উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৩ জন জেলেকে নিয়ে বরগুনার তালতলীর ফকিরহাট এলাকার এফ বি মহিমা নামে একটি ট্রলার মাছ ধরতে সাগরে যায়। এ সময় উত্তাল ঢেউয়ের কবলে ট্রলারটি ডুবে গেলে ১৩ জেলের মধ্যে ১১ জেলেকে পার্শ্ববর্তী ট্রলারের জেলেরা ভাসমান অবস্থায় উদ্ধার করে।
এফ বি মহিমা ট্রলারের মালিক তপন জোমাদ্দার জানান, মঙ্গলবার ভোরে জেলেরা সাগরে যান। বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের মধ্যে ট্রলারটি ডুবে যায়। পরে পাশের অন্য একটি মাছধরা ট্রলারের জেলেরা ১১ জনকে উদ্ধার করলেও ট্রলারসহ এখনো নিখোঁজ রয়েছেন তালতলীর বড় আমখোলা এলাকার কালাম ও শহিদ নামে দুই জেলে।
আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২
বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে তালতলী ও পাথরঘাটা কোস্টগার্ডের পাশাপাশি ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে চারটি ট্রলার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সাগর প্রচণ্ড উত্তাল থাকায় উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হচ্ছে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুল ইসলাম বলেন, ‘কোস্টগার্ড ও নৌবাহিনীর কাছে নিখোঁজের বিষয়টি জানানো হয়েছে। উপজেলা প্রশাসন তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে উদ্ধার অভিযান সমন্বয় করছে।’





