সিংগাইরে এনপিআই বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘প্রজেক্ট ফেয়ার’ অনুষ্ঠিত

Sanchoy Biswas
হাবিবুর রহমান, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ৩:৫১ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এনপিআইইউবি) সিংগাইর ক্যাম্পাসে দিনব্যাপী ‘প্রজেক্ট ফেয়ার ও পুরস্কার বিতরণী-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের রোবোটিক্স ক্লাব এ আয়োজন করে। মেলার উদ্বোধন করেন এনপিআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুর রহমান। ইভেন্ট পার্টনার ছিল ফ্যাবার-ক্যাস্টেল।

আরও পড়ুন: শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে গ্রামবাসীদের মানববন্ধন

মেলায় শিক্ষার্থীরা রোবোটিক্স, স্মার্ট প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও সৌর কৃষি প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ের ১৩টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন। বিচারকদের মূল্যায়নে সোল এগ্রো বায়োটেক চ্যাম্পিয়ন, ইউনিবাস লাইভ প্রথম রানারআপ এবং ভোল্টেজ ওয়ারিয়র্স দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. সাজ্জাতুল ইসলাম সভাপতিত্ব করেন এবং প্রভাষক মো. সালমান রহমান সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুর রহমান।

আরও পড়ুন: কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু, আহত মা

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এফএমএ সালাম, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ফরমুজুল হক, রেজিস্ট্রার মো. ফারুক হোসেন, প্রকৌশলী তারিকুল ইসলাম, ফ্যাবার-ক্যাস্টেলের প্রতিনিধি পুষ্পিতা রানী ঘোষ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কার্তিক চন্দ্র মণ্ডল।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা এবং প্রযুক্তিগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলোচনা শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।