প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ৯:৩৯ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। বিগত নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে ময়মনসিংহের নান্দাইল পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় সমূর্ত্ত জাহান মহিলা কলেজ মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ফরিদপুরে বাসচাপায় ৫ নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ৪ যানবাহন

ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে বিএনপির নাম ভাঙিয়ে কেউ যেন ব্যক্তিগত স্বার্থে কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নান্দাইলে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী, জুয়াড়ি ও অত্যাচারীদের কোনো স্থান হবে না। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এলাকায় চাঁদাবাজি বন্ধ করা হয়েছে এবং ধারাবাহিকভাবে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন: কাপাসিয়ার যুবক হাওরে ঘুরতে গিয়ে পানিতে নিখোঁজ

প্রতিমন্ত্রী আরও বলেন, নান্দাইলের রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব উন্নয়ন কাজ শিগগিরই দৃশ্যমান হবে। পাশাপাশি নান্দাইল উপজেলা ও পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম।

তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের উন্নয়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, বিএনপি সব সময় জনগণের কল্যাণে রাজনীতি করে এসেছে। দলের দুঃসময়ে যেমন নেতাকর্মীদের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে তিনি উল্লেখ করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, বিএনপি নেতা হাসনাত মাহমুদ তলহা এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মী সমাবেশে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।